আমার সংবাদ ডেস্ক
জুন ১৭, ২০২৬, ০৮:১৩ পিএম
অপপ্রচার ও শিষ্টাচার-বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজধানী ঢাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মিছিলপূর্ব এক সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, “গুপ্ত রাজনীতির নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা কিন্তু হাসিনা বাহিনীকে তাড়িয়েছি। দেশের প্রয়োজন ও জাতির প্রয়োজন হলে গুপ্তদেরও তাড়াবো।”
বুধবার বিকেলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
এই প্রতিবাদ মিছিলে ও সমাবেশে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ সারির একাধিক প্রভাবশালী নেতাও সশরীরে উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে অশালীন কোনো উক্তি, মন্তব্য করলে কিন্তু আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমরা বসে থাকবো না। যুবদল মাঠে থেকে সাংগঠনিকভাবে তা মোকাবিলা করবো।”
একই সময় তিনি জামায়াতকে সস্তা ও নোংরা রাজনীতি পুরোপুরি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার জন্য জোরালো আহ্বান জানান।
অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বর্তমান আহ্বায়ক খন্দকার এনামুল হক।
এতে আরও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলসহ অন্যান্যরা।
এএন