আমার সংবাদ ডেস্ক
জুন ১৭, ২০২৬, ১১:১৫ পিএম
দেশের সব জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও এ ধরনের সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৭ জুন) রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর এবং চিকিৎসাসেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে প্রতিটি জেলা হাসপাতালে এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এর ফলে রোগীরা কম খরচে নিজ এলাকার কাছাকাছি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজও এগিয়ে চলছে। এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মর্গে ফ্রিজার স্থাপন এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
চিকিৎসক সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে প্রয়োজন অনুযায়ী নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। এ সংকট নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত ও জোরদার করা হবে।
সরকারের লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এম জি