আমার সংবাদ ডেস্ক
জুন ২৩, ২০২৬, ১২:১৮ এএম
প্রত্যাহারের আদেশ জারির পর সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন মো. সারওয়ার আলম। মঙ্গলবার তিনি সিলেট ত্যাগ করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে পিংকি সাহা জানান, বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক তাঁর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি রুটিন দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে আপাতত দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করব। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তরের পর জেলা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে ন্যস্ত করা হয়। সেই সিদ্ধান্তের দুই দিনের মধ্যেই তিনি সিলেটের দায়িত্ব ছেড়ে যাচ্ছেন।
এম জি