কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
জুন ২৪, ২০২৬, ০৬:৫৪ পিএম
পিরোজপুরের কাউখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবির।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ৪২০ জন কৃষকের মাঝে সর্বমোট ২ হাজার ১০০টি নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রতিটি কৃষককে ৫টি করে নারিকেলের চারা, ৩০ কেজি গোবর সার এবং চারা রোপণের জন্য বাঁশের কঞ্চি প্রদান করা হয়।
জেএইচআর