মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)
জুন ২৫, ২০২৬, ০৭:৫৮ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হাটহাজারী সমিতির উদ্যোগে প্রয়াত দুই প্রবাসীর পরিবারের মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার গুমানমর্দন এলাকার মরহুম হোসেনের পরিবারের হাতে ১ লাখ টাকা এবং মেখল ইউনিয়নের মরহুম খোরশেদ আলমের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির সভাপতি সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গভর্নিং বডির সদস্য ও বিএনপি নেতা লায়ন ড. সালাউদ্দীন আলী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খোরশেদুল আলম, সমিতির সহ-সভাপতি এনামুল হক ফোরকান, মোহাম্মদ মাহাবুবুল আলম এবং মোহাম্মদ দিদারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ড. সালাউদ্দীন আলী বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। পরিবার-পরিজন ছেড়ে বিদেশে কঠোর পরিশ্রম করে তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। কোনো প্রবাসী অকাল মৃত্যুবরণ করলে তার পরিবার চরম আর্থিক ও সামাজিক সংকটে পড়ে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতি অসহায় প্রবাসী পরিবারের পাশে দাঁড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শুধু তাদের পরিবারের জীবনমান উন্নত করে না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই তাদের অবর্তমানে পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে বক্তারা মরহুম প্রবাসীদের দেশের অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম জি