গাজীপুর প্রতিনিধি
জুন ২৬, ২০২৬, ০৯:০৬ পিএম
প্রযুক্তি ও উদ্ভাবনে তরুণদের দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘ইনোভেট টুডে, লিড টুমরো’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল ২০২৬ শুরু হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, “চতুর্থ শিল্পবিপ্লব থেকে পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), ডেটা সায়েন্স ও রোবটিক্সের মতো উদীয়মান প্রযুক্তির মাধ্যমে নতুন জ্ঞান ও উদ্ভাবনের দ্বার উন্মোচন করবে বর্তমান তরুণ প্রজন্ম।” সিএসই কার্নিভাল শিক্ষার্থীদের মেধা ও গবেষণা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি বলেন, ডুয়েট এমন শিক্ষার্থী গড়ে তুলতে চায়, যারা শুধু চাকরিপ্রত্যাশী নয়; বরং কর্মসংস্থান সৃষ্টিকারী, উদ্যোক্তা ও বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্বের অংশীদার হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, সিএসই কার্নিভালের মতো আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী উপভোগ করেন। এ সময় উপাচার্য ফোরডি চশমা ও হেড-মাউন্টেড ডিভাইস ব্যবহার করে ভার্চুয়াল থ্রিডি পরিবেশের অভিজ্ঞতা গ্রহণ করেন এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগী ও গবেষকদের ধন্যবাদ জানান।
ইনোভার্স বাংলাদেশের ‘ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল ২০২৬’-এর অংশ হিসেবে ডুয়েট কম্পিউটার সোসাইটি ও হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের সহযোগিতায় এই কার্নিভালটি আয়োজিত হচ্ছে। এতে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিনে ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (IUPC), এআই হ্যাকাথন, আইসিটি অলিম্পিয়াড এবং প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আগামীকাল শনিবার (২৭ জুন) ফাইনাল রাউন্ড, নেটওয়ার্কিং সেশন ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া ও বিডিরেন-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তাওরিত এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ উপস্থিত থাকার কথা রয়েছে।
জেএইচআর