আমার সংবাদ ডেস্ক
জুন ২৬, ২০২৬, ১০:০৪ পিএম
গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে ‘৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
“বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত শক্তিকে বিকশিত করার ক্ষেত্রে বেসবলের মতো আধুনিক ও সম্ভাবনাময় খেলার আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ।
তিনি উল্লেখ করেন, তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ আনসার ও ভিডিপির সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে এই খেলার প্রসার ঘটবে। এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে। বিশ্বব্যাপী সমাদৃত বেসবল খেলাটি বর্তমানে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে থাকলেও, সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতে এটি দেশের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। এ সময় বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, প্রশিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর