মহসিন তালুকদার, মাদারীপুর
জুন ২৬, ২০২৬, ০৯:১২ পিএম
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজপথ অস্থির করে নতুন করে ফিরে আসার জন্য কর্মসূচি দিয়ে লাভ নেই। বাংলাদেশের রাজনীতিতে আপনারা আর সফলতা আনতে পারবেন না, সেই সুযোগ আপনাদের নেই। বাংলাদেশের জনগণ আপনাদের আর গ্রহণ করবে না।
শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাঁশগাড়ী নয়াকান্দী এলাকায় খাল খনন শেষে রাস্তার দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খোকন তালুকদার উল্লেখ করেন, খাল খনন শেষে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঁশগাড়ীতে এই কার্যক্রমের উদ্বোধন করা হলো। এখানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করার নির্দেশ আছে এবং ইতোমধ্যে অনেকটা গাছ লাগানো হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি বাংলাদেশে শুরু হয়েছে, মাদারীপুর-৩ আসনে সেই নির্দেশনা গুরুত্বের সাথে পালন করা হবে। পাশাপাশি ব্যক্তিগত ও দলীয় উদ্যোগেও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর