শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
জুন ২৮, ২০২৬, ০১:০৯ পিএম
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ৪৬ হাজার ৩১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. বেলাল উদ্দিন আকন্দ, ডা. এনামুল হক, ডা. সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবিদা সুলতানা রুপা, অন্যান্য মেডিকেল কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, এমটিপিআই হাসিনা খাতুন, প্রধান হিসাব সহকারী সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন জানান, এ বছর উপজেলায় মোট ৪৬ হাজার ৩১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৫৬৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৭৪৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। ক্যাম্পেইনে মোট ৪৬ হাজার ৩১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার ২৪২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রেও শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ডা. শাহানাজ পারভীন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এএন