সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি)
জুলাই ২, ২০২৬, ০৫:১০ পিএম
রাঙামাটির রাজস্থলীতে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কাপ্তাই উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় সুবিধাভোগী প্রতিটি কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও রায়হানুল ইসলাম বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিনামূল্যে এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে হবে। একই সাথে তিনি জমির প্রয়োজন অনুযায়ী সারের সুষম ব্যবহারের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, কৃষিখাতে সরকারের ধারাবাহিক সহায়তার ফলেই দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে।
রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা ফরিদ আহম্মদ, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী স্থানীয় কৃষকেরা।
জেএইচআর