ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬, ০৫:১৭ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৎস্যচাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১১ জন মৎস্যচাষির মাঝে বিভিন্ন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে নির্বাচিত সুনির্দিষ্ট উপকারভোগী চাষিদের মাঝে এসব উপকরণ হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে নির্বাচিত মৎস্যচাষিদের মাঝে মাছের উন্নতমানের মানসম্মত খাবার, বিভিন্ন ফলদ ও ওষধি গাছের চারা এবং আধুনিক মাছ চাষে প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে আদর্শ প্রদর্শনী মৎস্য খামারের পরিচিতির জন্য চাষিদের নাম সংবলিত দিকনির্দেশনামূলক অফিশিয়াল সাইনবোর্ডও হস্তান্তর করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ ময়মুনা জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
মৎস্য বিভাগ জানায়, গ্রামীণ পর্যায়ে সনাতন পদ্ধতির বদলে আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তিতে মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি গৃহস্থালি পরিত্যক্ত পুকুরগুলোকে আরও উৎপাদনমুখী করতে মৎস্য অধিদপ্তর দেশব্যাপী এই উদ্যোগ গ্রহণ করেছে।
সরকারি এই সহায়তা পেয়ে স্থানীয় মৎস্যচাষিরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই উন্নত প্রযুক্তির উপকরণ ও দিকনির্দেশনার মাধ্যমে এলাকায় মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে মৎস্যচাষ আরও লাভজনক পেশা হিসেবে গড়ে উঠবে।
জেএইচআর