ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

জুলাই ৫, ২০২৬, ০৬:০৩ পিএম

ফরিদগঞ্জে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাবা মারা গেছেন তিন বছর আগে। বড় ভাই প্রবাসে। মা-ও দেড় বছর আগে পাড়ি জমিয়েছেন নতুন সংসারে। জনমানবশূন্য ফাঁকা বাড়িতে একাকী জীবন কাটাত ১৯ বছরের তরুণ রিমন হোসেন। সেই নিঃসঙ্গ ঘরেই অবসান হলো তার জীবনের। গত তিন দিন ধরে আড়ার সঙ্গে ঝুলে ছিল রিমনের নিথর দেহ। অবশেষে ঘর থেকে আসা তীব্র পচা দুর্গন্ধে বেরিয়ে আসে এক করুণ ও মর্মান্তিক পরিণতির গল্প।

রোববার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের নূর পাটওয়ারী বাড়িতে এই লোমহর্ষক ঘটনাটি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিমনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। মৃত রিমন ওই বাড়ির মরহুম আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, বাবা মারা যাওয়ার পর রিমন বিপথগামী হয়ে পড়ে। মাদকের নেশায় বুঁদ হয়ে থাকত সে। বড় ভাই সৌদি প্রবাসী হওয়ার পর বাড়িতে রিমন আর তার মা থাকতেন। কিন্তু মাদকের টাকার জন্য মায়ের ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাত সে। অতিষ্ঠ হয়ে প্রায় দেড় বছর আগে স্বজনদের সিদ্ধান্তে রিমনের মা ফাতেমা বেগম অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে ওই বাড়িতে একাই থাকত রিমন।

বিলাপ করতে করতে রিমনের মা ফাতেমা বেগম বলেন, “রিমন বখাটেদের সঙ্গে মিশে গভীর রাতে বাড়ি ফিরত। শাসন করতে গেলে আমাকে মারধর করত। এক পর্যায়ে আমার ভাই ও মা মিলে আমাকে অন্যত্র বিয়ে দেয়। দ্বিতীয় বিয়ের পর আমি সেখানে থাকলেও মনে মনে রিমনের খোঁজ নিতাম। গত বৃহস্পতিবার রাতেও এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি রিমন স্থানীয় বাজারে আছে। আজ সকালে শুনি আমার ছেলেটা আর নেই।”

রিমনের চাচা এমরান হোসেন লিটন জানান, রোববার ভোরে স্থানীয়রা হাঁটতে বের হয়ে রিমনের ঘর থেকে অসহ্য পচা দুর্গন্ধ পায়। ঘরের দরজা-জানালা সব ভেতর থেকে বন্ধ ছিল। এক পর্যায়ে প্রতিবেশীরা জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে আড়ার সঙ্গে রিমনের অর্ধগলিত লাশ ঝুলতে দেখে আঁতকে ওঠেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিমনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাদকের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এএন

Link copied!