আমার সংবাদ ডেস্ক
জুলাই ৬, ২০২৬, ০২:২৮ পিএম
দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, এ সংকট মোকাবিলায় সরকার ‘ক্রাশ কার্যক্রম’ হাতে নিয়েছে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয়। সঞ্চালন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কারণে আমদানি করেও পুরো সংকট সমাধান করা কঠিন। এ অবস্থায় উৎপাদন বাড়ানোর দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে জাহাজ ভাঙা শিল্পে শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
এর আগে সকালে তিনি পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন। সেখানে নিরাপত্তাকর্মীদের পরিচালনায় একটি মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে কারখানায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলার বিষয়গুলো প্রদর্শন করা হয়।
এদিকে পিএইচপি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সব নিয়ম মেনে ইয়ার্ড পরিচালনা করা হলেও গত দুই বছর ধরে উদ্দেশ্যমূলকভাবে এসব ইয়ার্ডকে রেড ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এম জি