দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬, ০৬:৫২ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খরিফ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি প্রণোদনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি চর্চায় আরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ বিল্লাল হোসেন, অধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং সাবেক চেয়ারম্যান জহুরুল করিম।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), গ্রীষ্মকালীন মুগ, হাইব্রিড জাতের শাকসবজি ও মরিচের বীজ, উফশী আমন ধানের বীজ, লেবুর চারা, বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা এবং প্রয়োজনীয় রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
উপজেলার প্রান্তিক চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং স্থানীয় পর্যায়ে আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ বলে সংশ্লিষ্টরা জানান।
জেএইচআর