আমার সংবাদ ডেস্ক
জুলাই ৬, ২০২৬, ০৭:৫৭ পিএম
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প (ক্রিম্প)’-এর উদ্যোগে ‘পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ও ৬ জুলাই এলজিইডি সদর দপ্তরের আরডিইডি ভবনের সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর পরিচালক মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন। কর্মশালার প্রেক্ষাপট ও মূল উদ্দেশ্য সবার সামনে তুলে ধরেন ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আব্দুল খালেক।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেএফডব্লিউ (KfW)-এর আন্তর্জাতিক পরামর্শক সেবাস্তিয়েন ফ্রাওনেট। এ সময় কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর শেখ তৌহিদুর রহমানও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কর্মক্ষেত্রের সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের জন্য কার্যসম্পাদন সূচক নির্ধারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া ব্যবহারিক অনুশীলন ও মতবিনিময় পর্বের মাধ্যমে আলোচিত বিষয়গুলোর বাস্তব প্রয়োগ দেখানো হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ভোলা, বরগুনা ও সাতক্ষীরা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দ অংশ নেন। এ ছাড়া সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং ক্রিম্প ও ক্রিলিকের সংশ্লিষ্ট প্রকৌশলীরা এই প্রশিক্ষণে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, আমাদের প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মীরা প্রতিদিন নানা চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে কাজ করেন। নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভৌত ঝুঁকির মাত্রা অনেক বেশি। তাই প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো ঐচ্ছিক বিষয় নয়; এটি আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।
তিনি আরও উল্লেখ করেন, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার মো. মোকসেদ আলম, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ এবং গণমাধ্যম ও যোগাযোগ বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।
জেএইচআর