জহিরুল হক রাসেল, কুমিল্লা
জুলাই ৯, ২০২৬, ০৯:৫০ পিএম
কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বর্তমানে নগরীতে প্রায় ৪৮ হাজার অটোরিকশা চলাচল করলেও এখন থেকে সর্বোচ্চ ১০ হাজার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে কুসিকের অবকাঠামো উন্নয়ন প্রকল্পসংক্রান্ত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সভায় কুসিক নগরীকে একটি পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মডেল রুটসংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশিষ্ট নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব।
কুসিক প্রশাসক জানান, আগামী সপ্তাহ থেকেই অটোরিকশার নতুন নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধিত অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ ডিজিটাল লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে। এই প্লেটগুলোতে অন্তত আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য (সিকিউরিটি ফিচার) থাকবে, যার ফলে কোনোভাবেই জালিয়াতির সুযোগ থাকবে না।
প্রশাসক আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি প্রতারণার মাধ্যমে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালানোর চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বেপরোয়া গতির কারণে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই অটোরিকশার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, একই দিন বিকেলে কুসিকের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে আয়োজিত অন্য এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
উভয় সভায় কুসিকের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর