মাদারীপুর প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬, ০৯:৩৬ পিএম
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর মানুষের আস্থা ও ভালোবাসা আছে। তাঁর উন্নয়ন অগ্রযাত্রা, দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং মানুষের সেন্টিমেন্টকে অন্যদিকে ঘোরানোর জন্য অনেকেই মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজ সংলগ্ন মাহবুব খানের চাতালে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের দক্ষিণবঙ্গে আগমন উপলক্ষে মাদারীপুর-৩ আসনের আওতাধীন সদর উপজেলার ৫টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।
খোকন তালুকদার আরও বলেন, নির্বাচনের আগেও বিএনপির বিরুদ্ধে এভাবে অপপ্রচার হয়েছিল। বিএনপিকে মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য বটবাহিনী মিডিয়ার মাধ্যমে চেষ্টা করেছিল। নির্বাচনের আগে সেই ষড়যন্ত্র সফল হয়নি এবং ভবিষ্যতেও কোনো ধরনের অপশক্তি অপপ্রচার করে এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না বলে তিনি মনে করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এবং জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম মুন্সীসহ কেন্দুয়া, মস্তফাপুর, ঘাটমাঝি, ঝাউদী ও খোয়াজপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর