মো. মহসিন তালুকদার, মাদারীপুর
জুলাই ১৪, ২০২৬, ০৫:৫৬ পিএম
ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্ত শেষে মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি কোনো হামলা বা ইট নিক্ষেপের নয়; বরং সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরো সামনের একটি গাড়ির চাকার চাপ থেকে ছিটকে এসে নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে পড়ে।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এবং কিছু গণমাধ্যমে বিষয়টি যাচাই ছাড়াই প্রকাশিত হওয়ায় দেশজুড়ে আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বরিশালের দিকে যাচ্ছে। এ সময় তিনি বাসের ভেতর থেকে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। ঠিক তখনই প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা নিরাপত্তা বহরের তৃতীয় গাড়িটির সামনে একটি ইটের টুকরো এসে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ইট নিক্ষেপ বা পরিকল্পিত হামলার ঘটনা বলে দাবি করেন।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি সামনে আসার পরপরই পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, কেউ ইট বা অন্য কোনো বস্তু নিক্ষেপ করেনি। সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরো দ্রুতগামী একটি গাড়ির চাকার চাপে ছিটকে গিয়ে নিরাপত্তা বহরের গাড়ির সামনে এসে পড়ে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি ছিল না। পুরো সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
এম জি