রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬, ০৬:০৭ পিএম
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের আওতাধীন বাঙ্গালহালিয়া সাবজোনের উদ্যোগে পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার পরিবারের মাঝে ত্রাণ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি-এর দিকনির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচির আওতায় বাঙ্গালহালিয়া সাবজোনের দায়িত্বপূর্ণ কাকড়াছড়ি পাড়া ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মো. এস. আরেফিন ৩৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাদ্যসামগ্রী এবং গৃহনির্মাণের জন্য টিন আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এ সময় ক্যাম্পের জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ কমাতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এম জি