নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
জুলাই ১৬, ২০২৬, ১১:২৪ এএম
চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জাজিরায় ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার ছোট মূলনা নদীর পাড়সংলগ্ন রুহুল আমিন খাঁর চায়ের দোকানের সামনে স্থানীয় মালেক বেপারী গ্রুপ ও ফারুক খলিফা গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত জাজিরা থানায় কোনো পক্ষই মামলা করেনি বলে থানা সূত্রে জানা গেছে।
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার ছোট মূলনা নদীর পাড়সংলগ্ন রুহুল আমিন খাঁর চায়ের দোকানে স্থানীয় মালেক বেপারী গ্রুপের সোনামিয়া মাদবরসহ কয়েকজন চা খেতে যান। এ সময় ফারুক খলিফা গ্রুপের লোকজন তাদের দোকান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এবং ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ককটেল বোমার আঘাতে মালেক বেপারী গ্রুপের সোনামিয়া মাদবর (৩৯) ও বিল্লাল খাঁ (৩৯) গুরুতর আহত হন। এছাড়া সংঘর্ষে শাহাজুদ্দিন মাদবর (৪৫) ও হাবিব মাদবর (৪৫)সহ আরও ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪/৫ জন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি। মামলা হলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন