জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জুলাই ২৩, ২০২৬, ০৯:২৩ পিএম
‘বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসন ও খাগড়াছড়ি বন বিভাগের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
উদ্বোধন উপলক্ষে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
পরে পৌর টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।"
তিনি পার্বত্যাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার (১৮ ইস্ট বেঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, সমাজসেবক, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এম জি