আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৩, ২০২৬, ০৮:৩৩ পিএম
কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে পর্যটন অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার সমন্বয়ে একটি আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে থাকা ৫০ মিটার ও ৫০০ মিটারের বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় পর্যটন সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেখানে হোটেল, মোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র নির্মাণের সুযোগ তৈরি করা হবে। তবে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে, রেল যোগাযোগ চালু হয়েছে এবং চট্টগ্রামের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এসব অবকাঠামোর সমন্বয়ে কক্সবাজারকে একটি আধুনিক ও ডিজিটাল পর্যটন নগরীতে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেখানে কক্সবাজার গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধি কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। পর্যটন, বাণিজ্য ও সেবাখাতের সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে এ জেলার অবদান আরও বাড়বে।
এম জি