আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৩, ২০২৬, ০৭:৩০ পিএম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ইয়াও ওয়েন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় গভর্নর বাংলাদেশে ‘বাংলা কিউআর’ কার্যক্রম বাস্তবায়নে চীনের ‘সিঙ্গেল কিউআর’ ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও সহজ করার বিষয়ে গুরুত্ব দিলে গভর্নর জানান, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশ কিছু বিনিয়োগবান্ধব নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই বিনিয়োগ করা অর্থ ও অর্জিত মুনাফা নিজ দেশে ফেরত নিতে পারবেন।
তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সেলর সং ইয়াং ও অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।
এম জি