মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬, ০৭:৪৬ পিএম
ফরিদপুরের মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ার একটি বাড়ির কাঁচা বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জুলাই) ভোরে ঘটনাটি প্রকাশ্যে আসে।
বাড়ির মালিক মো. আলী আকবর মণ্ডল (৮০) এর স্ত্রী রওশনা বেগম (৫৫) জানান, ভোর প্রায় ৫টার দিকে তিনি বাথরুমে গেলে স্ল্যাবের ওপর দাঁড়িয়ে অস্বাভাবিক কিছু অনুভব করেন। বিষয়টি তিনি স্বামীকে জানালেও প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি।
পরে আলী আকবর মণ্ডল নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু রয়েছে বলে সন্দেহ করেন। বিষয়টি পরিবারের সদস্য ও স্বজনদের জানানো হলে দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করেন। পরে বস্তা খুলে এক নারীর কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের। এ ছাড়া দীর্ঘ কালো চুলের অংশ এবং শরীরের বিভিন্ন হাড় বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
মধুখালী থানার তদন্ত কর্মকর্তা মারুফ হাসান জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, বর্তমানে মধুখালী উপজেলায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য থানায় নথিভুক্ত নেই। তাই উদ্ধার হওয়া কঙ্কালটির পরিচয় শনাক্তে গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এম জি