আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৫০ পিএম
দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৭তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’।
শনিবাররাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এই অনুষ্ঠানে ৪৫টি ক্যাটেগরিতে সেরা ব্র্যান্ডের নাম ঘোষণা করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এনসার্চ লিমিটেডের অংশীদারিত্বে আয়োজিত এই আসরে মোট ৬১টি সম্মাননা প্রদান করা হয়।
এবারের জরিপে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ বা দেশের সেরা ব্র্যান্ডের মর্যাদা লাভ করেছে বিকাশ। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আরএফএল হাউসওয়্যার ও রাঁধুনি। এ বছরের টপ ১৫ ব্র্যান্ডের তালিকায় স্থানীয় ব্র্যান্ডগুলোর আধিপত্য ছিল লক্ষ্যণীয়। তালিকার ৪ থেকে ১৫ নম্বরে থাকা অন্য ব্র্যান্ডগুলো হলো- ইস্পাহানী মির্জাপুর, গ্রামীণফোন, স্বপ্ন, ফ্রেশ আটা/ময়দা/সুজি, ক্লোজ আপ, সানসিল্ক, ম্যাগি নুডলস, এসিআই পিওর সল্ট, প্যারাসুট অ্যাডভান্সড, প্রাণ ম্যাঙ্গো জুস, মোজো এবং রূপচাঁদা সয়াবিন তেল। এছাড়া বিশেষ সম্মাননা ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ’ অর্জন করেছে আমা কফি।
বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে দেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ অঞ্চলে ১২,৪০০ জন মানুষের ওপর এক বিস্তারিত জরিপ পরিচালনা করে এনসার্চ লিমিটেড। সমান সংখ্যক নারী ও পুরুষের সাক্ষাৎকারের ভিত্তিতে ব্র্যান্ড ইকুইটি ইনডেক্স অনুযায়ী বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ব্র্যান্ড এখন মানুষের স্বপ্ন ও অর্থনীতিকে প্রভাবিত করে। আমরা শুধু সফল ব্র্যান্ডকেই নয়, বরং যারা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও উন্নত করেছে তাদেরই সম্মানিত করছি। এই স্বীকৃতি ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের জন্য আরও সাহসী এবং উদ্ভাবনী কাজ করার অনুপ্রেরণা দেবে।
২০০৮ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনটি বর্তমানে দেশের ব্র্যান্ডিং জগতের সর্বোচ্চ সম্মাননা হিসেবে স্বীকৃত। এবারের আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল ইন্টারন্যাশনাল অ্যাডভারটাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস এবং হসপিটালিটি পার্টনার ছিল লা মেরিডিয়ান ঢাকা। এছাড়া পিআর পার্টনার হিসেবে যুক্ত ছিল ব্যাকপেজ পিআর।