নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৫২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (বি-৯৮৫, সিবিএ) ও জাতীয়তাবাদী ফোরাম।
রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার ঐতিহাসিক মুহূর্তগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমবেত হয়ে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করেন। এই আয়োজনকে আরও স্মরণীয় করে রাখতে ৫০০ পৃষ্ঠার একটি বিশেষ ‘মন্তব্য বই’ উন্মোচন করা হয়, যেখানে কর্মকর্তা-কর্মচারীরা তাদের অনুভূতি ও শুভেচ্ছা বার্তা লিপিবদ্ধ করেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা আনবে।
তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম পূর্ণতা পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ও উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, অন্যতম সমন্বয়ক ও উপ-মহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ইএইচ