ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সিপিডি

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক পদক্ষেপ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ০৩:১৭ পিএম

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক পদক্ষেপ

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে উপকারভোগী বাছাই ও বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার রাজধানীর এফডিসিতে ‘জীবনযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ড. ফাহমিদা খাতুন বলেন, অতীতে সামাজিক সুরক্ষা খাতে নানা অনিয়ম ও দুর্নীতির নজির রয়েছে। তাই নিম্ন আয়ের মানুষের প্রকৃত উপকার নিশ্চিত করতে ভর্তুকি ব্যবস্থাকে লক্ষ্যভিত্তিক করতে হবে। বিশেষ করে কৃষি, সেচ ও গণপরিবহন খাতে অগ্রাধিকার দিয়ে ভর্তুকি প্রদান প্রয়োজন বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, বাজেট প্রণয়নে ব্যয়-সাশ্রয়ী পরিকল্পনা জরুরি, কারণ দেশের সম্পদ আহরণ সীমিত। বাজেট ঘাটতি পূরণে অতিরিক্ত ব্যাংক ঋণের ওপর নির্ভরতা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উৎস থেকে অর্থায়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে আমদানিকৃত পণ্যে সাময়িকভাবে ভ্যাট-ট্যাক্স কমানো হলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জে দেশের অর্থনীতি বর্তমানে চাপের মুখে রয়েছে। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও বিনিয়োগ স্থবিরতার মতো সমস্যার মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রা সহনীয় রাখতে সরকার ও রাজনৈতিক পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো এবং ওএমএস ও টিসিবির কার্যক্রম জোরদারের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের সহায়তা বাড়ানো উচিত। একইসঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিতর্ক প্রতিযোগিতায় ‘জ্বালানির মূল্যবৃদ্ধি নয়, বৈশ্বিক পরিস্থিতিই জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রধান কারণ’- এই বিষয়ের ওপর অনুষ্ঠিত আয়োজনে ঢাকা কলেজকে পরাজিত করে কবি নজরুল সরকারি কলেজ বিজয়ী হয়। শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এএন

Link copied!