আমার সংবাদ ডেস্ক
মে ২৬, ২০২৬, ১০:৩৬ এএম
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির মধ্যেও দেশের কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে মঙ্গলবার নির্দিষ্ট কিছু শাখা খোলা রয়েছে।
ব্যাংকগুলোর এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারছেন দুপুর ১টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ঘোষণার আওতায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ছুটি চললেও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ব্যবস্থার আওতায় ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে চালু রাখা হয়েছে।
এ ছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংকের শাখা ও বুথগুলোতেও ঈদের ছুটির সময় সীমিত সেবা চালু থাকবে। আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
এএন