আমার সংবাদ ডেস্ক
জুন ২৫, ২০২৬, ০২:৪৫ পিএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের আর্থিক খাতে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ দেওয়া হয়নি। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, একজন ছাড়া আমি কাউকেই চিনি না।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীতে অনুষ্ঠিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার প্রায় ১,৩০০টি উন্নয়ন প্রকল্প পেয়েছে, যেগুলোর অনেকগুলোই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব প্রকল্পকে তিনি ‘গলার কাঁটা’ হিসেবে উল্লেখ করে বলেন, এগুলো সহজে বাস্তবায়ন করা যেমন কঠিন, তেমনি বাতিল করাও সম্ভব নয়। তাই প্রকল্পগুলো পর্যালোচনা করে কার্যকর তদারকির আওতায় আনা হচ্ছে।
তিনি জানান, সরকার ডিরেগুলেশনের দিকে এগোচ্ছে এবং উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সৃজনশীল অর্থনীতির গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ অঞ্চলের মৃৎশিল্প, শীতলপাটি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের আয় বাড়াতে সরকার কাজ করছে। এসব পণ্যকে আরও বাজারোপযোগী করে তুলতে পারলে তাদের আয় বাড়বে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, লোকসংগীত, সংস্কৃতি ও চলচ্চিত্র খাতকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। বিনোদন খাতকে সম্ভাবনাময় আয়ের উৎস হিসেবে বিবেচনা করছে সরকার।
দেশের ঐতিহ্যবাহী স্থানগুলো সংস্কার করে পর্যটন খাতের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথাও জানান তিনি। এ লক্ষ্যেই সৃজনশীল অর্থনীতিতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
সেমিনারে তিনি আরও বলেন, কৃষি খাতকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এম জি