মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি:
জুন ২৫, ২০২৬, ০৩:৪৫ পিএম
রাঙ্গামাটির বরকল উপজেলার বরুণাছড়ি এলাকায় গৃহবধূ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে লুণ্ঠিত ১ লক্ষ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন, বরকল থানার ওসি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের মিডিয়া ইনচার্জ এইচ এম মাহমুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গত ২১ জুন বরকলের শুভলং ইউনিয়নের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় রফিজুল হকের বসতঘর থেকে তাঁর স্ত্রী আয়েশা বেগমের (৪৯) লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও হাতুড়ি জব্দ করে পুলিশ। এই ঘটনায় ২২ জুন মামলা দায়ের হলে বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল তদন্তে নামে। পরবর্তীতে গত ২৪ জুন সকালে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে আসামি মো. সোহাগ (১৭) ও ওমর আলীকে (১৯) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে লুণ্ঠিত ১ লক্ষ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়াও সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাঙ্গামাটি জেলায় মাদককারবারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর