তিতুমীর কলেজ প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৪, ০৪:৩৭ পিএম
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি মানববন্ধন করেছে।
শনিবার দুপুর ১২টায় তিতুমীর কলেজের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদের সঞ্চালনায় ও সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন।
ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় সাংবাদিক সাব্বিরের অপরাধ। তাই ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা ১৫ থেকে ২০ জন অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এ ঘটনায় উচিত ছিল কলেজ প্রশাসনের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে মামলা করা কিন্তু তারা নীরব ভূমিকা পালন করেছে, আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কলেজ প্রশাসনকে বলব দ্রুত পদক্ষেপ নিন, ছাত্রত্ব বাতিল করুন।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এরা ছাত্রলীগ নয়, এরা ছাত্রলীগের নামধারী, ছাত্রলীগের নাম ব্যবহার করে ক্যাম্পাসে অনিরাপদ করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমাদের অবাক লাগে একজন সংবাদকর্মীকে এভাবে হামলা করে গ্রেপ্তার এড়ানো যায়। আমরা স্পষ্টভাবে জানতে চাই যারা এই হামলা চালিয়েছেন তারা এতো সাহস কোথায় পায়। প্রশাসন তাদের আস্কারা দেওয়ায় তারা দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। স্বার্থে আঘাত লাগলেই তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এছাড়াও বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ রেজা, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শ্বপ্না চক্রবর্তী, সময় টিভির সিনিয়র রিপোর্টার সানবিন রূপল, বিডিনিউজের সিনিয়র রিপোর্টার ওবায়দুল রহমান মাসুম, ক্যাব নেতা জেমসন মাহমুদ, জিটিভির সিনিয়র প্রডিউসার তুষার জামিল প্রমুখ।
ইএইচ