কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মে ১৯, ২০২৪, ০৪:৩৪ পিএম
ধর্ম অবমাননার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শ্রী স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু শুধু সাময়িক বহিষ্কার নয়, অবিলম্বে স্থায়ী বহিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধর্ম অবমাননার মামলা দায়ের এবং আজকের মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানিয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে তারা প্রক্টরিয়াল বডির কাছে স্থায়ী বহিষ্কার, মামলা দায়ের এবং আজকের মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারির আলটিমেটাম জানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা স্থানে ইসলাম ধর্ম ও রাসূলুল্লাহ (সা.) কে নিয়ে কেউ কটূক্তি করবে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে এখনো স্থায়ীভাবে বহিষ্কার করবে না, মামলা দায়ের করবে না, পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করবে না, সেটা মেনে নেয়া যায় না। রাসূল (সা.) আমাদের কলিজা, আমাদের ঈমান। সে রাসুলকে অবমাননা মানে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ।
বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের শিক্ষার্থী পাভেল রানা বলেন, আমাদের পরিচয় বাঙালি হওয়ার আগে আমরা মুসলমান। যে মানুষটা তার পুরো জীবন দুনিয়ার মানুষের জন্য, উম্মতের জন্য কাজ করে গেছেন তাকে নিয়ে কেউ অবমাননা করবে, সেটা আমাদের জীবন থাকতে আমরা মেনে নিতে পারি না।
আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন, আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে একটি অভিযোগ দায়ের করতে বলেছে। সেই অভিযোগের উপর ভিত্তি করে রাষ্ট্র তার পরবর্তী পদক্ষেপ নিবে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে আমরা অভিযোগ দায়ের করার জন্য থানায় যাবো।
প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, যেহেতু এটা ধর্ম অবমাননার বিষয় তাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপাতত মামলা দায়ের না করে রাষ্ট্র কর্তৃক মামলা দায়েরের চেষ্টা করা হচ্ছে।
স্থায়ী বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে স্থায়ী বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কুমিল্লা জেলার এসপি আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আমরা দ্রুত মামলা দায়েরের চেষ্টা করবো।
তদন্ত কার্যক্রমের অগ্রগতি কতদূর সেই সম্পর্কে তদন্ত কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবিরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে চিঠি পাঠানো হয়েছে বৃহস্পতিবার। আজকে আমরা প্রথম মিটিং করেছি। আগামী মঙ্গলবার আমরা আন্দোলনকারীদের, স্বপ্নীলের এবং প্রক্টরিয়াল বডির বক্তব্য শুনবো। এরপর আমরা বলতে পারবো ফাইনাল রিপোর্ট কবে দিতে পারবো।
ইএইচ