আবু তাহের
জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৫৫ পিএম
সীমান্তে কিশোরী ফেলানী খাতুনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি করে হত্যার ১৫ বছর উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। স্মরণসভায় আবেগঘন কণ্ঠে ফেলানীর মা বলেছেন, আমার ফেলানীর বিচারটা যদি করে, তাইলে আর কোনো বাংলাদেশের নাগরিক ওই কাঁটাতারে ঝুলবে না।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ ওসমান হাদি হল সংসদের উদ্যোগে এ স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ফেলানীর মা অভিযোগ করে বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবেই ফেলানী হত্যার বিচার আজও হয়নি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে ফেলানীর মা বলেন, উনি চাইলে বিচার করতে পারতেন, কিন্তু করেন নাই কারণ ভারতের সাথে তার বন্ধুত্ব।
তিনি আরও বলেন, যে সরকারই আসুক, আমার একটাই দাবি, আমার মেয়ে ফেলানী হত্যার বিচার যেন হয়।
এএন