আন্তর্জাতিক ডেস্ক
জুন ৮, ২০২৬, ১২:২৪ এএম
লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক সামরিক হামলার প্রেক্ষাপটে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান শুধু কূটনৈতিক আলোচনা থেকে সরে আসবে না, প্রয়োজনে সরাসরি সংঘাতেও জড়াবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ইরান কেবল আলোচনার পথ বন্ধ করবে না, বরং শত্রুপক্ষের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবে।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে দাবি করেন, এই দুই দেশ যুদ্ধবিরতি কিংবা কূটনৈতিক সমাধানের প্রতি আন্তরিক নয়। তার ভাষ্য অনুযায়ী, লেবাননসংক্রান্ত সমঝোতা লঙ্ঘন এবং সমুদ্র অবরোধের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে শক্তি প্রয়োগই তাদের প্রধান নীতি।
গালিবাফ বলেন, যুদ্ধবিরতির প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই এবং সংলাপের প্রতিও আস্থা নেই। লেবানন ইস্যুতে চুক্তিভঙ্গ ও নৌ অবরোধের ঘটনা সেই অবস্থানই স্পষ্ট করেছে।
ইরানের এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, ইরানি জনগণের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
তার মতে, ইরানের বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপের কারণে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট সম্পদ সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতা প্রক্রিয়ায় ইরানের প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন গালিবাফ। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মিলেছে, লেবাননের পরিস্থিতি আরও জটিল হলে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক উত্তেজনাও বাড়তে পারে।
সূত্র: আল জাজিরা
এম জি