আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৪, ২০২৬, ০১:৩৪ পিএম
সুযোগ পেলেই একটি পক্ষ শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক জিএস পদপ্রার্থী ও ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। একই সঙ্গে তিনি এইচএসসি পরীক্ষার্থীদের রাজনৈতিক উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তানভীর বারী হামিম বলেন, গত দেড় বছরে যারা সুযোগ পেলেই সড়ক অবরোধ করেছে, তারাই আজ শিক্ষার্থীদের উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখেন, তাদের সঙ্গে অন্যায় হলে তিনিও প্রতিবাদ করবেন। তবে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন শিক্ষার্থীদের নিজেদের উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তোমাদের সঙ্গে অন্যায় হলে তার প্রতিবাদ আমিও করব। একইভাবে তোমাদের যেন কেউ অন্যায়ের সঙ্গে যুক্ত করতে না পারে তাদের স্বার্থ উদ্ধারের জন্য, এটি খেয়াল রাখবে। এইচএসসি বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করার অনুরোধ রইল।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশে উসকানি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, কারও পাতা ফাঁদে পা দেওয়া উচিত হবে না।
তানভীর বারী হামিম আরও উল্লেখ করেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। তবে যেহেতু পরীক্ষার্থীরা ইতোমধ্যে সেই পরীক্ষা সম্পন্ন করেছে, তাই বাকি পরীক্ষাগুলোও শেষ করার আহ্বান জানান তিনি।
এম জি