আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৪, ২০২৬, ১০:২৭ এএম
তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নে যুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের তথ্য-চিত্র প্রদর্শন, সফল স্টার্টআপের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপগুলোর কাছে অনুদানের চেক হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হলো জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যা তরুণ উদ্যোক্তাদের জন্য একটি ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন উদ্যোক্তা প্রয়োজনীয় তথ্য, সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ ও সংশ্লিষ্ট সেবাগুলো একটি একক ডিজিটাল মাধ্যম থেকে সহজে পাবেন। এর মাধ্যমে সেবা প্রাপ্তি সহজ হবে এবং একটি কার্যকর জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ডও গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
জেএইচআর