বিনোদন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৬, ০৮:৩০ পিএম
টলিউড সুপারস্টার কোয়েল মল্লিক এখন ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য। সোমবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার পর আজ তিনি সংসদের সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
কোয়েলের শপথগ্রহণ অনুষ্ঠানটিতে ছিল আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া। নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বাংলাতেই শপথবাক্য পাঠ করেন। লালপেড়ে সাদা শাড়িতে তাকে বেশ স্নিগ্ধ ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। শপথ গ্রহণের পর সংসদ ভবন চত্বরে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
নিজের অনুভূতি ব্যক্ত করে কোয়েল লিখেছেন, রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। বাংলার মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আজ থেকে এক নতুন পথচলা শুরু হলো। অর্পিত দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি।
অভিনেত্রীর এই বিশেষ মুহূর্তে পাশে ছিল পুরো মল্লিক পরিবার। দিল্লিতে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েলের বাবা বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন তার স্বামী নিসপাল সিং রানে এবং পুত্র কবীর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে দিনটি কোয়েলের কাছে বেশ আবেগঘন হয়ে ওঠে। ভক্ত ও সহকর্মীরা তাকে নতুন এই যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি জনসেবার এই নতুন অধ্যায়ে কোয়েল কতটা সফল হন, এখন সেটিই দেখার অপেক্ষায় তার অনুগামীরা। তাঁর এই রাজনৈতিক পদযাত্রা টলিউড ও রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জেএইচআর