বিনোদন ডেস্ক
জুলাই ১২, ২০২৬, ০৩:৫৯ পিএম
বিয়ের এক সপ্তাহও পূর্ণ হয়নি। এরই মধ্যে স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন বলিউড তারকা আমির খান। তবে এই সফরে শুধু নবদম্পতিই নন, তাদের সঙ্গে রয়েছেন দুই সন্তানও।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তাদের সঙ্গে রয়েছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।
জানা গেছে, মেলবোর্নে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির খান। অনুষ্ঠান শেষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিন অবকাশযাপন করবেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, এই সফরের উদ্দেশ্য শুধু মধুচন্দ্রিমা নয়, নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোও। বিশেষ করে আজাদ ও কুইনের মধ্যে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করে তুলতে চান আমির।
গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।
এদিকে বিয়ের পর নতুন ঠিকানায় বসবাসের প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা। জানা গেছে, পালি হিলের বর্তমান বাসভবন ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কিরণ রাও ও ছেলে আজাদ, আমিরের বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেনও কাছাকাছি বসবাস করবেন।
উল্লেখ্য, প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। পরে চলতি মাসের ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
এম জি