বিনোদন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬, ০৯:১৭ পিএম
সুপারস্টার শাকিব খানের সঙ্গে ছোটপর্দা থেকে বড়পর্দায় আলোচিত অভিনেত্রী সাবিলা নূরের নতুন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক্যাল রোমান্টিক এই চলচ্চিত্রটি।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান তার ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেন, যা প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পোস্টারে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে রোমান্টিক আবহে শাকিব খান ও সাবিলা নূর একসঙ্গে রয়েছেন। শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর শাকিবও চোখ বন্ধ করে মুহূর্তটি উপভোগ করছেন।
পোস্টার প্রকাশের সময় একটি গানটির লিরিকও ক্যাপশন হিসেবে যুক্ত করা হয়— “জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…”
সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’ সিনেমাটি। পরিচালনায় রয়েছেন আজমান রুশো।
জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ চলছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সিনেমাটিকে ঘিরে শাকিব–সাবিলার নতুন জুটির রসায়ন নিয়ে ইতিমধ্যে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে ঈদুল আজহার মুক্তিকে কেন্দ্র করে প্রত্যাশা বাড়ছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
এএন