বিনোদন ডেস্ক
মে ৩, ২০২৬, ১২:৫৪ পিএম
ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই অসুস্থতার কথা ভক্তদের জানান। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
চলতি বছরের শুরুতেই তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার শনাক্ত হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীকালে শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় এবং সেখানে দ্বিতীয় দফায় তাঁর অস্ত্রোপচার করা হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে গত ২৩ মার্চ দেশে ফিরেছিলেন এই অভিনেত্রী। মাঝখানে কিছুটা সুস্থ বোধ করলেও হঠাৎ পুনরায় শারীরিক অসুস্থতা অনুভব করায় ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাঁর ফেসবুক বার্তায় জানানো হয়েছে যে, পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই।
দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে এবং শুটিং সেটে ফিরতে পারেন-সেজন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তানিয়া বৃষ্টি। তিনি অনুরোধ করেছেন, সবাই যেন তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেন।
জেএইচআর