বিনোদন ডেস্ক
জুলাই ৬, ২০২৬, ০২:৩৬ পিএম
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ৩০ জুন এ মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৮ জুন আত্মসমর্পণের পর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২৪ জুন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, যা শেষে ৩০ জুন তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন।
মামলায় বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।
এম জি