আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৫৯ পিএম
বিশ্ব রাজনীতিতে চরম নাটকীয় মোড় নিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন সামরিক বাহিনী।
শনিবার ভোরে এক ঝটিকা অভিযানের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার সরকার এবং দেশটির নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বিশাল পরিসরের অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদুরো এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে।
ট্রাম্প আরও উল্লেখ করেন যে, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফ্লোরিডার মার-এ-লাগোতে স্থানীয় সময় সকাল ১১টায় একটি সংবাদ সম্মেলন করারও ঘোষণা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক হামলা শুরু করে মার্কিন বাহিনী। শহরের বিভিন্ন স্থানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। হামলার মুখে প্রেসিডেন্ট মাদুরো দেশে জরুরি অবস্থা জারি করলেও শেষ রক্ষা হয়নি।
মাদুরো প্রশাসনের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক বিরোধের জেরে এই অভিযান পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর লাতিন আমেরিকা তথা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা ও উত্তেজনার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
জেএইচআর