আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রাজধানী তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন।
ইরান সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
সূত্রগুলো জানায়, দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে সর্বোচ্চ নেতাকে সতর্ক করার পর তাকে এই সুরক্ষিত স্থাপনায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। অত্যন্ত শক্তিশালী ও আধুনিক এই আশ্রয়কেন্দ্রটি একাধিক ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে সংযুক্ত। জরুরি পরিস্থিতিতে দ্রুত যাতায়াত ও নিরাপদ যোগাযোগ বজায় রাখার সব সুবিধা এই স্থাপনায় রয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে খামেনির দপ্তরের দৈনন্দিন কার্যক্রমেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি বর্তমানে তার দপ্তরের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।
তিনি এখন দেশটির বিভিন্ন নির্বাহী শাখার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন। ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও শীর্ষ নেতৃত্বের চলাচলে এমন পরিবর্তন পরিস্থিতির গুরুত্বই ফুটিয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, ইরানের ওপর হামলার প্রস্তুতির প্রায় শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই সংঘাতের আশঙ্কায় ইরানি পাল্টা প্রতিক্রিয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলও। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, গত আট মাসের মধ্যে এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি মোতায়েন এখন সবচেয়ে বড় আকার ধারণ করেছে। এর অংশ হিসেবে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার ও যুদ্ধবিমান স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে।
ইএইচ