আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬, ০১:৪৭ পিএম
দীর্ঘ কয়েক দশকের সংঘাতের অবসান ঘটাতে এবার হোয়াইট হাউসে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ ইসরায়েল ও লেবানন। আগামী এক বা দুই সপ্তাহের মধ্যেই এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, এটি একটি অসাধারণ ঘটনা। দীর্ঘ ৪৪ বছর পর প্রথমবারের মতো ইসরায়েল এবং লেবানন সরাসরি আলোচনায় বসছে। আমার বিশ্বাস, এই বৈঠকের মাধ্যমেই দেশ দুটি একটি টেকসই শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।
এর আগে গত বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর তারা এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া বহুমুখী উত্তেজনার প্রেক্ষাপটে ২ মার্চ থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত লেবাননে প্রায় ২ হাজার ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৬০০-এর বেশি মানুষ। কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়েছেন।
মার্কিন প্রশাসনের এই নতুন উদ্যোগের ফলে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসবে কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
জেএইচআর