আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৩৩ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে পারেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল ব্যারিওস, যিনি ‘এল পোল্লো’ বা ‘মুরগি’ নামে পরিচিত।
প্রয়াত নেতা হুগো চাভেজের শাসনামলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কারভাহাল গত বছর যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মাদক পাচারের অভিযোগ স্বীকার করেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ব্রুকলিনের একটি কারাগারে মাদক ও সন্ত্রাসবাদের মামলায় বিচারের অপেক্ষায় রয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, গত ডিসেম্বরে কারভাহাল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠান, যেখানে তিনি মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। চিঠিটির একটি কপি তার আইনজীবীর মাধ্যমে প্রকাশিত হয়।
চিঠিতে কারভাহাল দাবি করেন, তিনি অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চান। একই সঙ্গে তিনি মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নির্বাচনী কারচুপির চেষ্টা, মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
তার অভিযোগ অনুযায়ী, মাদুরো ভেনেজুয়েলার একটি কুখ্যাত গ্যাংয়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মাদক ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পরিকল্পনায় জড়িত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এসব অভিযোগ বর্তমানে যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিরুদ্ধে চলমান মামলার সঙ্গে অনেকাংশে মিল রয়েছে, যা বিষয়টিকে আরও জটিল ও রাজনৈতিকভাবে সংবেদনশীল করে তুলেছে।
এএন