আন্তর্জাতিক ডেস্ক
জুন ১, ২০২৬, ০৯:৪৮ পিএম
লেবাননে ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত হিসেবে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও সেটি লঙ্ঘিত হওয়ায় ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত আলোচনা ও খসড়া বিনিময় প্রক্রিয়া স্থগিত করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। এই বিষয়গুলোতে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের অবস্থান পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
তাসনিমের দাবি, তেহরান ও তার আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলো এখন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার বিষয়টিকেও তারা আলোচ্যসূচিতে রেখেছে। এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বাহিনী ওই এলাকায় বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল।
এই বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় নতুন করে হামলার নির্দেশ দেন, যা হিজবুল্লাহর প্রধান শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সিএনএনকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে এই হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছিল।
জেএইচআর