আন্তর্জাতিক ডেস্ক
জুন ১৫, ২০২৬, ০৫:০০ পিএম
ইথিওপিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জুন) এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির অনেক সড়কের অবস্থা নাজুক হওয়ায় এমন দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।
কর্মকর্তারা নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেক যাত্রী গুরুতর ও সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী একটি যান নদীতে পড়ে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
এম জি