আন্তর্জাতিক ডেস্ক
জুন ১৫, ২০২৬, ০৪:৫০ পিএম
যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তিতে লেবাননে সামরিক অভিযান বন্ধের শর্ত থাকলেও তা উপেক্ষা করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তেহরান।
সোমবার (১৫ জুন) লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে দুটি পৃথক বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে কাফার তিবনিত এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা করে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতিহ আল-ফাওকা অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করা হয়।
এ ছাড়া হারিস-তিবনিক সড়কে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরক বোঝাই একটি এম১১৩ সাঁজোয়া যান বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এ ঘটনায় দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্ত অঞ্চলে কয়েক মাস ধরেই অস্থিরতা চলছিল, সাম্প্রতিক হামলাগুলো পরিস্থিতিকে আরও জটিল করেছে এবং বেসামরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই, আল-জাজিরা
এম জি