ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্প

৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০১:১০ পিএম

৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসযজ্ঞের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটির নাম ক্লাইবার মোরান।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে লা গুয়াইরা প্রদেশের লস কোরালেস গার্ডেন-১ ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা শিশুটিকে জীবিত বের করে আনেন। এ উদ্ধার অভিযানে জর্ডানের উদ্ধারকারী দলও অংশ নেয় বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

গত বুধবার এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য ভবন ধসে পড়ে এবং হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বলে জানিয়েছে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল।

তবে উদ্ধার হওয়া শিশুটির বয়স নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। ডেলসি রদ্রিগেজ তার বয়স তিন বছর বলে উল্লেখ করলেও জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ শিশুটিকে দুই বছর বয়সী বলে জানিয়েছেন। বর্তমানে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে হোর্হে রদ্রিগেজ বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত মানুষ থাকার আশা ছাড়ার সুযোগ নেই। তিনি জানান, ভোরে উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে কারাকাসের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, মঙ্গলবার ভেনেজুয়েলায় ৪৭ মেট্রিক টন মানবিক সহায়তা পৌঁছেছে। এসব সহায়তার মধ্যে জরুরি চিকিৎসা সরঞ্জাম, নিরাপদ প্রসবসেবা, নবজাতক সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসাসামগ্রী রয়েছে।

সরকারি হিসাবে, ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি আহত হয়েছেন। তবে বিশেষজ্ঞদের ধারণা, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে নতুন মরদেহ উদ্ধার করা হচ্ছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, বাস্তুচ্যুত হাজারো মানুষ খোলা আকাশের নিচে কিংবা অস্বাস্থ্যকর ও অতিরিক্ত ভিড়পূর্ণ আশ্রয়কেন্দ্রে অবস্থান করায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। অন্যদিকে, নাসার তথ্য অনুযায়ী প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যার ফলে কয়েক লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। ইউনিসেফের হিসাব বলছে, দেশজুড়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার শিশু বর্তমানে মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছে।

এএন

Link copied!