আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৩, ২০২৬, ১২:৩০ এএম
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হওয়ার পর তাঁর মৃত্যু হয়।
রোববার এক বিবৃতিতে গ্রাহামের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রবীণ এই রাজনীতিবিদের পরিবারের পক্ষ থেকে সবার কাছে প্রার্থনা চেয়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।
লিন্ডসে গ্রাহাম ২০০২ সালে প্রথমবার দক্ষিণ ক্যারোলাইনা থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালেও তিনি পুনর্নির্বাচিত হন। এর আগে ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সিনেটের বাজেট, বিচার বিভাগীয় ও পররাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেন। রিপাবলিকান দলের অন্যতম প্রভাবশালী কণ্ঠ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন।
২০০৩ সালে ইরাক যুদ্ধের জোরালো সমর্থক ছিলেন গ্রাহাম। একইভাবে ইরানের বিরুদ্ধে কঠোর নীতির পক্ষেও তিনি ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছিলেন। ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে আন্তর্জাতিক মহলে তিনি পরিচিত ছিলেন এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পররাষ্ট্রনীতিতে জোরালো ভূমিকা রাখেন। ২০১৬ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে অংশ নিলেও প্রাথমিক বাছাইয়ের আগেই সরে দাঁড়ান। সে সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হলেও পরে তিনি ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহযোগীতে পরিণত হন।
রাজনীতিতে আসার আগে লিন্ডসে গ্রাহাম মার্কিন বিমানবাহিনীর আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিমানবাহিনীর রিজার্ভে যোগ দিয়ে প্রায় দুই দশক সেবা দেন এবং কর্নেল পদমর্যাদায় অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে একজন ‘সত্যিকারের মার্কিন দেশপ্রেমিক’ বলে অভিহিত করে শ্রদ্ধা জানিয়েছেন।
জেএইচআর